ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের টয়লেটে মিলল নবজাতকের মরদেহ

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের টয়লেট থেকে একটি অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালের ক্লিনার মজিরন খাতুন প্রসূতি ওয়ার্ডের পাশে ওয়াশরুমের কমোড পরিষ্কার করতে গেলে কমোডের ভেতর একটি নবজাতকের মরদেহ দেখতে পায়। পরে কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে সেখানে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহীদুল্লাহ লিংকন, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. পুলক কুমার সরকারসহ অন্যান্য কর্মকর্তারা ছুটে আসেন।


এরপর কুড়িগ্রাম সদর থানাকে বিষয়টি অবগত করা হয়। পরে পুলিশের উপস্থিতিতে হাসপাতালের ক্লিনার নুরনবী কমোড থেকে মরদেহটি উদ্ধার করে। লাশটি এখন হিমঘরে রাখা হয়েছে।


তদন্ত কর্মকর্তা কুড়িগ্রাম সদর থানার সাব ইন্সপেক্টর এসআই জাহিদ জানান, অভিযোগ পাওয়ার পর হাসপাতালের কমোড থেকে মৃত শিশুটিকে উদ্ধারের ব্যবস্থা করা হয়। তার মাথা কমোডের নিচের দিকে ছিল এবং বাকি অংশ ছিল উপরের দিকে। তাকে উদ্ধার করে আপাতত হিমঘরে রাখা হয়েছে।


নবজাতকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহীদুল্লাহ লিংকন জানান, নবজাতকটি সদ্যপ্রসূত ও বেওয়ারিশ। শনিবার দিবাগত রাতের কোনো একসময় শিশুটিকে ফেলে রাখা হতে পারে। আমরা পুলিশকে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি। তারা বিষয়টি তদন্ত করবেন।


কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, নবজাতকটি ছিল ইমম্যাচুউরড। বয়স ৭ থেকে ৮ মাস হবে। জেনারেল হাসপাতালের তত্ত্বাধায়কের মাধ্যমে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে শিশুটিকে ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑